খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েদকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর সাতরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুবায়েদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
জেলা যুবদল সভাপতি শামীম কবির জানান, রুবায়েদকে নগরীর সাতরাস্তা মোড় এলাকায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। তাকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে নেয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় তিনটি ও হাতে একটি কোপ দেয়া হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ির আঘাত রয়েছে।
ইত্তেফাক/নূহু