সিদ্ধিরগঞ্জের শিমরাইলে গতকাল বৃহস্পতিবার রাতে অস্ত্রসহ দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চার রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো জাহাঙ্গীর আলম (৩৪) ও আক্তার হোসেন (৩৬)।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থেকে ঢাকাগামী দুই মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর ও আক্তারকে শিমরাইল মোড়ে রাত ৯টায় পথরোধ করা হয়। এ সময় তারা পালানোর চেষ্টা করলে ডিবি টিমের সদস্যরা তাদের জাপটে ধরে দেহ তল্লাশী করে ৪ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা মহাসড়কে ছিনতাইয়ের উদ্দেশ্যে বের হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের বাড়ি গাজীপুর ও কিশোরগঞ্জ এলাকায়।
ইত্তেফাক/নূহু