ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর এলাকার সব ধরনের মোটরসাইকেল চুরি ও বিক্রির মূল হোতা কুখ্যাত মোটরসাইকেল চোর মিলন (২৮) কে আটক করেছে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
মোটরসাইকেল চোর মিলনের বাড়ি রাণীশংকৈল উপজেলার দক্ষিণ সন্ধ্যারই গ্রামে। সে ওই এলাকার হেফাজ উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে বালিয়াডাঙ্গী থানার এস আই আজিজের নেতৃত্বে এস আই মনোয়ার, জিয়া, এ এস আই রাশেদসহ বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাণীশংকৈল উপজেলার শিবদীঘি এলাকা হতে মিলনকে আটক করে।
বালিয়াডাঙ্গী থানা সুত্রে জানা গেছে, গত ১২ আগস্ট বালিয়াডাঙ্গী উপজেলার পল্লীবিদ্যুৎপাড়া এলাকার আব্দুর রহমানের বাড়ি হতে একটি ডিসকভার ১৩৫ সিসি গাড়ি চুরি হলে তার ছেলে মাসুদ রানা খোঁজাখুঁজির এক পর্যায়ে রাণীশংকৈল এলাকায় সন্ধান পায়। মোবাইল ফোনের মাধ্যমে ষাট হাজার টাকার বিনিময়ে মোটরসাইকেলটি ফেরত দিতে রাজি হয় চোর। রহমানের ছেলে মাসুদ রানাসহ কয়েকজন ৩০ হাজার নিয়ে মোটর সাইকেল ফেরত নিতে যায়। কিন্তু টাকা কম হওয়ার কারণে চোর এবং তার লোকজন মোটরসাইকেলটি ফেরত দেয়নি।
ফিরে এসে আব্দুর রহমানের ছেলে মাসুদ রানা বাদী হয়ে গত ২১ আগস্ট বালিয়াডাঙ্গী থানায় মিলনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, পুলিশ চোরকে আটক করেছে। মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। মিলনের বিরুদ্ধে তিনটি জেলায় একাধিক মোটরসাইকেল চুরি মামলা রয়েছে।
ইত্তেফাক/নূহু