প্রধানমন্ত্রীকে কটাক্ষ করা পোস্টে লাইক দেয়ায় যুবদল নেতা আটক

 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করা ফেসবুকের একটি ছবির পোস্টে লাইক দেয়ায় আজাদ হোসেন (৩৫) নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।
 
গতকাল বৃহস্পতিবার উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক আজাদ হোসেন রতনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি।
 
পুলিশ জানায়, মামুন মুন্সি নামে এক প্রবাসী বিএনপির সমর্থক তার ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে একটি ছবি পোস্ট দেন। আজাদ হোসেন ওই পোস্টে লাইক দেন। এ ঘটনায় ভোরে আজাদকে তার বাড়ি থেকে আটক করা হয়।
 
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম সিকদারের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, আজাদ হোসেনের মোবাইলে ওই পোস্টের একটি স্ক্রিনশট পাওয়া গেছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/জামান