কক্সবাজারে পাহাড়-টিলা কেটে সরকারি কর্মচারীদের আবাসন নয় : আপিল বিভাগ

ইত্তেফাক রিপোর্ট

কক্সবাজারের ঝিলংজা মৌজার পাহাড় ও টিলা অধিগ্রহণ করে বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া বন্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেয়।

আবাসন প্রকল্পের জন্য চার একর ভূমি অধিগ্রহণের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। এই ভূমির অধিকাংশই অধিগ্রহণ করার উদ্যোগ নেওয়া হয় পাহাড় ও টিলা কেটে। এ নিয়ে এক রিট মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করে বেলা। ওই আবেদনের উপর শুনানি নিয়ে আপিল বিভাগ ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া বন্ধ রাখার আদেশ দেয়। বেলার পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল, এএমএম আমিনউদ্দিন ও সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিবাদী পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মাহবুবে আলম।