যুব বান্ধব বাজেট চায় যুবলীগ

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘আগামী বাজেটকে যুব বান্ধব বাজেট হিসেবে দেখতে চাই। যে বাজেটে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দর্শন জনগণের ক্ষমতায়নের প্রতিফলন ঘটবে।’ তিনি বলেন, প্রতিটি মন্ত্রণালয়ের বাজেটে যুব সমাজের জন্য আলাদা খাত থাকতে হবে। গতকাল সোমবার এক বিবৃতিতে যুবলীগের চেয়ারম্যান আরো বলেন, বাজেট যেন মন্ত্রণালয় কেন্দ্রিক না হয়, জনকেন্দ্রিক হয় সেটিই আমাদের কাম্য।’

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘এবারের নির্বাচনে আওয়ামী লীগের অঙ্গীকার ছিল-জেন্ডার বাজেটের আলোকে যুব বান্ধব বাজেট। নির্বাচনী ইশতেহারের অঙ্গীকারের বাস্তবায়ন দেখতে চায় দেশের যুব সমাজ। নির্বাচনী ইশতেহারে যুব কর্মসংস্থান সৃষ্টি, যুব উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে ঋণের যে অঙ্গীকার ছিল তার বাস্তবায়ন চাই।’ ওমর ফারুক আরো বলেন, বাজেট একটি সরকারের রাজনৈতিক ম্যান্ডেটের অর্থনৈতিক প্রতিফলন। কোন খাতে কেমন বরাদ্দ তার ওপর সরকারের অগ্রাধিকার প্রতিফলিত হয়।