প্রথম পৃষ্ঠার পর
শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
২৮ মার্চ এফ আর টাওয়ারে অগ্নিকান্ডে আটকে পড়া মানুষকে উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হন ফায়ারম্যান সোহেল রানা। ৫ এপ্রিল প্রধানমন্ত্রী তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিত্সা করার নির্দেশ দেন।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, সোমবার রাত পৌনে ১১ টায় লাশ দেশে আনা হয়। লাশ সম্মিলিত সামরিক হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে তার জানাযা অনুষ্ঠিত হবে। এরপর লাশ নেয়া হবে কিশোরগঞ্জের ইটনার কেওরালা গ্রামের বাড়িতে।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ বলেন, ‘আমাদের ফাইটাররা নিজের জীবন ঝুঁকিতে ফেলে অন্যের জীবন রক্ষার্থে নিয়োজিত থাকেন। ফায়ার ফাইটাররা সবার আগে ঘটনাস্থলে যান এবং আটকে থাকা সবাইকে উদ্ধারের পর বের হন। নিজের জীবন বিলিয়ে দিয়ে তার প্রমাণ দিলেন সোহেল রানা।’
সেদিন যা ঘটেছিল : ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকান্ডের পর বেলা ১২ টা ৫১ মিনিটে কল পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের কুর্মিটোলা স্টেশন থেকে দ্রুত তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। একটি ইউনিটে ছিলেন ফায়ারম্যান সোহেল রানা। ফায়ার সার্ভিস কর্মীরা আগুনের সঙ্গে যুদ্ধ শুরু করেন। সেই যুদ্ধে অংশ নেন সোহেল রানা। একপর্যায়ে ল্যাডার (উঁচু মই) দিয়ে বহুতল ভবন থেকে আটকে পড়া নর-নারীদের উদ্ধার করতে থাকেন তিনি। একে একে চার জনকে উদ্ধার করেন সফলভাবে। তারপরই ঘটে দুর্ঘটনাটি। ল্যাডারের বাস্কেটে তখন উদ্ধার করা পাঁচ-ছয় জন। আটকে পড়াদের জায়গা করে দিতে সোহেল রানা ল্যাডারের সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন। কিন্তু ল্যাডারটি যখন স্বয়ংক্রিয়ভাবে নিচের দিকে নেমে আসছিল, যান্ত্রিক ত্রুটির কারণে সেটি ক্লোজ হয়ে যাচ্ছিলো। তখনই হঠাত্ করে সোহেল রানার পা ল্যাডারের ভেতরে আটকে যায়। কিছু বুঝে উঠার আগেই বাম পায়ের হাঁটুর নীচ থেকে ভেঙ্গে কয়েক টুকরো হয়ে যায়। টান পড়ে কোমড়ে বাঁধা তার সেফটি হুকে। অজ্ঞান হয়ে পড়ে যান সোহেল রানা। ।
প্রধানমন্ত্রীর শোক : ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় বলেন, অন্যের জীবন রক্ষার্থে, নিজের জীবন উত্সর্গ করার ক্ষেত্রে সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।