জয়নাল আবেদীন প্রধান তথ্যকর্মকর্তা

ইত্তেফাক রিপোর্ট

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সরকারের প্রধান তথ্যকর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল সোমবার তথ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। দীর্ঘদিন পদটি খালি থাকার পর গত ১৪ মার্চ গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. জাকির হোসেনকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রধান তথ্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।

উল্লেখ্য, বিসিএস তথ্য ক্যাডারের ৮৪ ব্যাচের কর্মকর্তা জয়নাল আবেদীন কর্মজীবনে তথ্য অধিদফতরের আওতায় বিভিন্ন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তাসহ অতিরিক্ত প্রধান তথ্য অফিসার, জাতীয় সংসদের পরিচালকসহ (গণসংযোগ) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহারকে গত ২২ জানুয়ারি রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব হিসেবে নিয়োগ করা হলে তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। এরপর বেশ কিছুদিন প্রধান তথ্য কর্মকর্তার পদটি খালি ছিল।