কাশ্মীরে শীর্ষ লস্কর কম্যান্ডারসহ দুই জঙ্গি নিহত

ভারত শাসিত কাশ্মীরে জঙ্গি সংগঠন জইশ-ই-মুহম্মদের অন্যতম শীর্ষ কম্যান্ডার খালিদের পর এবার নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেল লস্কর-ই তৈয়বার অন্যতম শীর্ষ কম্যান্ডার ওয়াসিম শাহ। গত কয়েক বছরে দক্ষিণ কাশ্মীরের একাধিক জঙ্গি হামলায় অভিযুক্ত ছিল এই ওয়াসিম শাহ।
 
শনিবার ভোর রাতে কাশ্মীরের পুলওয়ামা জেলায় অভিযান চালানোর সময়ই মৃত্যু হয় ওয়াসিমের। নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গিয়েছে ওয়াসিমের দেহরক্ষী নিসার আহমেদ নামে আরো এক লস্কর জঙ্গি। ২৩ বছর বয়সী ওয়াসিম ‘আবু ওসামা ভাই’ নামে অধিক পরিচিত। তাকে ‘ডন অফ হেফ’ বলা হত। পুলওয়ামার লিট্টের এলাকায় তার খোঁজেই তল্লাশি চালাচ্ছিল বাহিনী। সেনা সূত্রে জানা গিয়েছে, এই লিট্টের এলাকাটি জঙ্গিদের অন্যতম সুরক্ষিত আস্তানা।
IMG0
ভারতীয় বাহিনী সূত্রে খবর, বিভিন্ন জঙ্গি কাজকর্মে যুক্ত শাহ বহুদিন ধরেই পুলিশের নজরে ছিল। তার খোঁজ দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। খালিদ ও শাহ ছাড়াও পুলিশের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় এখনো অনেকেই রয়েছে। তারা হল আল কায়েদার জাকির মুসা, হিজবুল মুজাহিদিন চিফ রিয়াজ নায়কো, হিজবুল মুজাহিদিনের সাদ্দাম পাদের এবং লস্কর-ই তৈয়বার জিনাত-উল ইসলাম। এদেরও খোঁজ চলছে। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/সেতু