হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন চেলসির ফ্রেঞ্চ মিডফিল্ডার এন’গোলো কান্টে। চেলসির ম্যানেজার এন্টোনিও কন্টে এই তথ্য নিশ্চিত করেছেন।
গত সপ্তাহে বুলগেরিয়ার বিপক্ষে ফ্রান্সের বিশ্বকাপ বাছাইপর্বে হ্যামস্ট্রিংয়ে আঘাত পাওয়া কান্টে প্রথমার্ধের পরে আর খেলতে পারেননি।
চেলসি কোচ বলেছেন, আগামী সপ্তাহে কান্টের আরেকটি স্ক্যান করা হবে। তবে আগের স্ক্যান রিপোর্ট অনুযায়ী ২০-২১ দিন তাকে বিশ্রামে থাকতে হবে।
গত মৌসুমে পিএফএ বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হওয়া কান্টে শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লীগের ম্যাচে খেলতে পারছেন না। এছাড়া তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হলে তিনি আরো পাঁচটি ম্যাচে অনুপস্থিত থাকবেন। এর মধ্যে রয়েছে রোমার বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের ম্যাচ ও প্রিমিয়ার লীগে ওয়াটফোর্ড ও বর্নেমাউথ এবং লীগ কাপে এভারটনের বিপক্ষে ম্যাচ। আসন্ন ব্যস্ত সূচীকে সামনে রেখে কান্টের অনুপস্থিতি দলের ওপর দারুণ প্রভাব ফেলবে বলে কন্টে উল্লেখ করেছেন। আগস্টে লিস্টার সিটি থেকে দলে আসা ইংলিশ মিডফিল্ডার ড্যানি ড্রিংকওয়াটারও বর্তমানে ইনজুরিতে আছেন। ধীরে ধীরে তার উন্নতি হলেও এখনও ম্যাচের জন্য ড্যানি প্রস্তুত নয় বলেই কন্টে জানিয়েছেন।
প্রিমিয়ার লীগ টেবিলের চতুর্থ স্থানে থাকা চেলসি বর্তমানে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির থেকে ৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে।বাসস।
ইত্তেফাক/ রেজা