গ্রেফতার হওয়ার আগেই মোবাইল থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলেছেন হানিপ্রীত ইনসান। মুছে ফেলা সেই তথ্যের সন্ধান পেতে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছেন তদন্তকারীরা। আর তা সম্ভব হলে বহু রহস্যের সমাধান করা যাবে বলে মনে করছেন তারা।
শুক্রবার হানিপ্রীতের ব্যবহৃত আইফোনটি হাতে আসে তদন্তকারীদের। কিন্তু, পাঁচকুলা পুলিশের দাবি, ফোনটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। আই ফোনের তথ্য রাখার বিশেষ জায়গা থেকে বহু তথ্য মুছে ফেলা হয়েছে।
IMG0
পুলিশ জানিয়েছে, আইফোনটি কেবলমাত্র হানিপ্রীতের আঙুলের ছাপেই খোলে। ডেরার চেয়ারপারসন বিপাসনা ইনসানের সঙ্গে মুখোমুখি জেরার সময় হানিপ্রীতকে ফোনটি আনলক করতে বলেন তদন্তকারীরা। পুলিশের অনুমান, ফোনটি থেকে পাঁচকুলায় হিংসার আগের বিভিন্ন ঘটনা এবং পরের কল রেকর্ড এবং পুরনো ডেটা পাওয়া সম্ভব। যা তদন্তের স্বার্থে বিশেষ গুরুত্বপূর্ণ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ডেরার চেয়ারপারসন বিপাসনাকে পাঁচকুলা থানায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু, তিনি তদন্তে সাহায্য করেননি। শরীর খারাপের অজুহাতে অনেক প্রশ্ন এড়িয়ে গেছেন। পরে বিপাসনা ও হানিপ্রীতকে মুখোমুখি জেরা করা হয়। তখন কিছু অভিযোগ বিপাসনা স্বীকার করেছেন। তবে বেশির ভাগ কথা অস্বীকার করেছেন।
ইত্তেফাক/ইউবি