পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে। আগামী নির্বাচন হবে উন্নয়নের প্রতীক নৌকার নির্বাচন। দেশজুড়ে উন্নয়নের জোয়ারে মানুষ এখন জননেত্রী শেখ হাসিনা ও নৌকার উপর বিশ্বাসী হয়ে গেছে।
শনিবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার এ.আর.উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই কুমিল্লায় ব্যাপক উন্নয়ন হয়েছে। কুমিল্লা ইপিজেড স্থাপন হয়েছে। এখানে ৫০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। কুমিল্লা আইটি পার্ক স্থাপনের কাজ এগিয়ে যাচ্ছে। কুমিল্লার পদুয়াবাজার বিশ্বরোড থেকে নোয়াখালী পর্যন্ত ফোর লেনের কাজ সহসা শুরু হচ্ছে। আমার নির্বাচনী এলাকায় (নাঙ্গলকোট ও সদর দক্ষিণ উপজেলা) শতভাগ বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। আরো অনেক উন্নয়ন কাজ হাতে নেয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।
নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মীসভায় আরো বক্তব্য রাখেন- নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সামছুউদ্দিন কালু, নাঙ্গলকোট পৌরসভার মেয়র মো. আবদুল মালেক, অধ্যক্ষ আবু ইউসুফ, আবু ইউছুফ প্রমুখ।
ইত্তেফাক/ইউবি