জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, বিএনপি মাত্র দশ বছর ক্ষমতার বাইরে, এরমধ্যেই দলটি ছিন্নভিন্ন হয়ে গেছে। আমরা (জাপা) ২৬ বছর ক্ষমতার বাইরে আছি। কিন্তু জনগণের ভালোবাসায় জাপা এখনও বাংলাদেশে জনপ্রিয় দল। বিএনপি আগামীতে নির্বাচনে অংশ নিতে পারবে কি-না সন্দেহ আছে।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলানায়তনে অনুষ্ঠিত জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
এরশাদ বলেন, সারাদেশে এখন অস্থিরতা। রাজনৈতিক সংকট, রোহিঙ্গা সংকট, খাদ্য সংকট, প্রশাসনিক দুর্বলতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বিচার বিভাগসহ সর্বক্ষেত্রে অস্থিরতা বিরাজ করছে। দেশে এখন আইনের শাসন নেই বলেই সাধারণ মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে। তিনি বলেন, আমরা নাকি মধ্যম আয়ের দেশ। অথচ মাত্র তিন টাকায় ডিম কেনার জন্য যা ঘটলো তা দেখে কি মনে হয় দেশ আসলে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে?
রোহিঙ্গা সংকট প্রসঙ্গ তিনি বলেন, মিয়ানমারের সেনা প্রধান বলেছেন রোহিঙ্গারা নাকি বাংলাদেশ থেকে সেখানে গেছে, তারা বাঙালি। সেনা প্রধানের এই বক্তব্যের পর মনে হয় না রোহিঙ্গাদের তাদের দেশে ফেরৎ পাঠানো যাবে।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, তোমরা আমার নয় বছরের শাসনামলের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরো না। অথচ প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা সংলাপের সময় আমার কর্মকাণ্ডের যে প্রশংসা করেছেন তাতে আমি অভিভূত। তারা উচ্চ পদে থেকেও আমার প্রসংশা করেছেন। দলীয় নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় যেতে চাই। কিন্তু তোমরা মনে রেখো ক্ষমতা কেউ হাতে তুলে দেয় না। ক্ষমতা আদায় করে নিতে হয়। এজন্য দলকে সুসংগঠিত করতে হবে।
ইত্তেফাক/এমআই