ফাদার বেঞ্জামিন কস্তার মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

 
নটরডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্তার মৃত্যুতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
 
আজ শনিবার এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, বেঞ্জামিন কস্তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ শিক্ষককে হারালো। তার অভাব সহজে পূরণ হবার নয়। তিনি একজন সেরা মানুষ ছিলেন। শিক্ষাক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নতুন প্রজন্মকে উপযুক্ত হিসেবে গড়ে তোলায় তার অবদান রয়েছে।
 
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা পরিবারে তিনি অভিভাবকের মতো ছিলেন। তার মৃত্যুতে শিক্ষা পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
 
শিক্ষামন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত সহকর্মী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। 
 
শিক্ষামন্ত্রী বেঞ্জামিন কস্তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ সকালে রমনায় সেন্ট মেরী’স ক্যাথিড্রালে যান এবং তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন।
 
অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্তা শুক্রবার ঢাকায় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ১৯৪২ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি নতুন প্রতিষ্ঠিত নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন। বাসস
 
ইত্তেফাকে/কেকে