কেনিয়ায় বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ২

কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর কিসুমুতে বিরোধী দলের সমাবেশে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছে। এতে আরও তিনজন আহত হয়েছে। নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে বিক্ষোভকালে হতাহতের এ ঘটনা ঘটে।
 
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে শুক্রবার বিরোধী নেতা রায়লা ওডিঙ্গার শহর বন্দোর কেন্দ্রস্থলের দিকে বিক্ষোভকারীরা অগ্রসর হতে থাকে। এসময় তারা পুলিশের দিকে পাথর নিক্ষেপ করলে পুলিশও তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুঁড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতদের মধ্যে একজনের কাঁধে এবং অপরজনের বুকে গুলি লাগে। রায়লা ওডিঙ্গার দুর্গ বলে পরিচিত সিয়া প্রদেশে গুলিতে তিনজন আহত হয়েছে বলে জানায় বন্দো পুলিশ প্রধান।
 
কেনিয়ায় প্রতিবাদ বিক্ষোভ নিষিদ্ধ করা হলেও তিনটি প্রধান শহর নাইরোবি, মোম্বাসা এবং কিসুমুতে ছোট আকারে প্রতিবাদ চলছে বলে জানা যায়। বিরোধীরা এই নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছে। নির্বাচন কমিশনের সংস্কারের দাবিও তারা অব্যাহত রাখবে বলে জানায়।
 
শান্তি বিনষ্ট হওয়ার আশঙ্কায় বৃহস্পতিবার সরকার প্রতিবাদসভা নিষিদ্ধ ঘোষণা করে। আগস্টে নির্বাচনী ফল ঘোষণার পর থেকে এ পর্যন্ত পুলিশের গুলিতে কমপক্ষে ৩৭জন বিক্ষোভকারী নিহত হয়েছে। আল-জাজিরা।
 
ইত্তেফাক/সাব্বির