আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু বলেছেন, দালিলিক প্রমাণসহ প্রধান বিচারপতির বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া গেছে। তদন্তে এসব অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আইন তার নিজস্ব গতিতেই চলবে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নিজের স্বাক্ষরিত চিঠিতে রাষ্ট্রপতির কাছে অসুস্থতাজনিত কারণে ছুটি চেয়ে আবেদন করেছেন। আবার তিনিই মুখে বলছেন আমি সম্পূর্ণভাবে সুস্থ। আমরা তার কথা কোনটি বিশ্বাস করব, লিখিত না মৌখিক।
কুমিল্লার বুড়িচং উপজেলার ছয়গ্রাম বাজারে শনিবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মতিন খসরু আরো বলেন, বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে বিভিন্ন সভা-সেমিনারে প্রধান বিচারপতি বলেছেন বিচার বিভাগ স্বাধীন। আবার কিছু মানুষের সামনে বলেছেন বিচার বিভাগ স্বাধীন নয়।তিনি নিজেই নিজের কথায় ঠিক থাকতে পারেন না।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব-উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহের আহমেদ চৌধুরী, কুমিল্লা জোন প্রধান মোহাম্মদ আমিরুল ইসলাম, সাবেক পিপি অ্যাড. আবুল হাশেম খান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি