চাঁদপুর প্রতিনিধি
মালেয়শিয়ার কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মধ্যে দু’জনের বাড়িই চাঁদপুরে। এরা হলেন জেলার হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের দেবীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. সোহেল (২৪) ও ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চরভাগল গ্রামের মাওলানা আমির হোসেনের ছেলে আল আমিন (২৫)। নিহত দুু’জনের বাড়িতে চলছে শোকের মাতম।
নিহত আল আমিন তিন ভাইয়ের মধ্যে সবার বড়। মাত্র ৭ মাস আগে পাশের বাড়ির মিলন গাজীর ছেলে রাসেলের সঙ্গে আল আমিন জীবিকার সন্ধানে মালেয়শিয়ার কুয়ালালামপুরে যান।
অপরদিকে মো. সোহেল এক ভাই ও ৪ বোনের মধ্যে দ্বিতীয়। সেও মাত্র ৭ মাস পূর্বে কুয়ালালামপুরে পাড়ি জমায়।
রবিবার রাতে দূর্ঘটনার পর সোমবার সকালে আল আমিন ও সোহেলের বাড়িতে মৃত্যু সংবাদ পৌঁছে। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। আশপাশের প্রতিবেশিরা তাদের সান্তনা দিতে ছুটে আসেন। পুরো এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে।
জানা গেছে, মালেয়শিয়ার রাজধানী কুয়ালালামপুর বিমানবন্দরের কাছের একটি সড়কে বাংলাদেশিসহ আরো কয়েকটি দেশের শ্রমিকরা কর্মস্থলে যাবার পথে বাস দুর্ঘটনার শিকার হয়। এ সময় ৫ বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়। এতে আরো বেশ কয়েকজন আহত হয়।
মালয়েশিয়া কমিউনিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাউসার হামিদ হান্নান জানান, আমরা নিহত দুইজনের পরিচয় সনাক্ত করতে পেরেছি। এ ঘটনায় আরো কয়েকজন বাংলাদেশী গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। এর মধ্যে মহিন (২৬) এর অবস্থা আশঙ্কাজনক।