ট্রাকের চাকায় দাদীর মতো প্রাণ গেল আছিয়ার

লৌহজং উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আছিয়া ছৈয়াল (১৬) ট্রাক চাপায় নিহত হয়েছে। লৌহজং-নওপাড়া সড়কের নওপাড়া বাজারের সামনে বেইলি ব্রিজের উপর ইট বোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় সে। আছিয়া উপজেলার নওপাড়া গ্রামের আলমগীর ছৈয়ালের মেয়ে।

নওপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ডা. মোসলেম খান মন্টু জানান, সোমবার বেলা ১১টায় স্কুলের প্রথম সাময়িক পরীক্ষা দিতে আছিয়া বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে ট্রাক চাপা দিলে আছিয়া ঘটনাস্থলেই নিহত হয়। সড়ক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষার্থীসহ এলাকাবাসী জড়ো হয়ে ট্রাকের চালক দ্বীন ইসলামসহ ট্রাকটি আটক করে। উল্লেখ্য, গত বছর একই ব্রিজের উপড় আলুর ট্রাকের চাপায় আছিয়ার দাদিরও  মৃত্যু হয়। 

ট্রাকটি ইট নিয়ে কুচিমোড়া থেকে লৌহজংয়ের আটিগাঁও এলাকায় যাচ্ছিল। আছিয়ার মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষার্থীসহ এলাকাবাসী  লৌহজং-নওপাড়া সড়ক অবরোধ করে মানববন্ধন করে এবং সব গাড়ি চলাচল বন্ধ করে দেয়। সংবাদ পেয়ে লৌহজং থানার পুলিশ ও  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান ঘটনাস্থলে পৌঁছান। তিনি মানববন্ধনকারীদের দাবির প্রেক্ষিতে বিচার করার আশ্বাস দিলে তারা মানববন্ধন উঠিয়ে নেয়। ট্রাকচালককে থানায় সোপর্দ করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লৌহজং থানার ওসি মনির হোসেন জানান, ট্রাকের চালক ও মালিক দ্বীন ইসলামকে (৪১) থানা হাজতে রাখা হয়েছে।