নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মা ইলিশ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আড়াইহাজার উপজেলার মেঘনা নদীতে অবাধে মা-ইলিশ নিধন করা হচ্ছে। আর এই মাছ বিক্রির জন্য উপজেলার বিভিন্ন এলাকাতে ৫টি স্থানে বসানো হয়েছে অস্থায়ী মাছের হাট। ভোর থেকে গভীর রাত পর্যন্ত এসব হাটে ইলিশ বিক্রি হচ্ছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা, বিশনন্দী, ফেরিঘাট, টেটিয়া এলাকার মেঘনা নদী ও খাগকান্দা ইউনিয়নের বিভিন্ন গ্রামের জেলেরা রাতে আঁধারে নৌকা দিয়ে মা ইলিশ নিধন করছে। তাদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ডিমওয়ালা ইলিশ। প্রতিটি জালে মাত্র এক ঘণ্টার ব্যবধানে ধরা পড়ছে ৮ থেকে ১০ হাজার টাকার মা-ইলিশ। সবচেয়ে বেশি হচ্ছে বিশনন্দী ফেরিঘাটে। ফেরিঘাটে প্রকাশ্যে ইলিশ বিক্রি করে সরকারি আইনকে তোয়াক্কা করছে না জেলেরা। স্থানীয় প্রশাসনের কর্তব্য পালনের অবহেলার অভিযোগ রয়েছে। তাছাড়া ও জেলেদের সহযোগিতা করছে প্রভাবশালী মহল। দয়াকান্দাতে রাত ৮টার পর শুরু হয় ইলিশ বিক্রি, চলে সারা রাত। বিশনন্দী বাজারে শুরু হয় সন্ধ্যার পরপরই। আর ফেরিঘাটে বিক্রি হয় প্রকাশ্যে।
আড়াইহাজার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার (অতিরিক্ত দায়িত্ব) বলেন, আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আমরা চলে এলে জেলেরা এই কাজ করছে। তবে আমাদের অভিযান অব্যাহত আছে।
ইত্তেফাক/জামান