রংপুরের বদরগঞ্জে জমি বিরোধের জের ধরে সায়েদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি বানিয়াপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৯৭১ সালে ওই গ্রামের অহিদুল হক একই এলাকার মোজাম্মেল হক শাহের কাছ থেকে ২৯ শতক জমি ক্রয় করেন। তখন থেকে অহিদুল ভোগদখল করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ধরে ওই জমি নিজেদের বলে দাবি করে আসছেন একই এলাকার মৃত্যু আকবর আলীর ছেলে তাজকুল হক ও গফুর আলীর ছেলে মতিয়ার রহমান। রবিবার সকালে তাজকুল তার নিকট আত্মীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন চৌধুরী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ইউনুছ আলীসহ ৮-১০জনকে ভাড়া করে ওই জমি দখল করতে যান। এ সময় খবর পেয়ে অহিদুল হকের বড় বোন সায়েদা বেগমসহ পরিবারের লোকজন সেখানে বাঁধা দেন। এক পর্যায়ে ইউনুছের নেতৃত্বে লাঠি সোটা ছোরা বল্লম নিয়ে সায়েদার ওপর হামলা চালানো হয়। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
সায়েদার ভাতিজা সাবেক ইউপি সদস্য মমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, 'প্রতিপক্ষ তাজকুল হক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন চৌধুরী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ইউনুছ আলীসহ কয়েকজনকে ভাড়া করে আমার ফুফুকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমি এ হত্যাকারীদের কঠিন শাস্তি চাই।'
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মোহাম্মদ আব্দুল হাই বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই বৃদ্ধা মারা গেছেন। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের চিহ্ন ছিল।
নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন বদরগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম। তিনি বলেন, নিহতে মাথা, পিঠসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহৃ পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, 'এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।'
ইত্তেফাক/জামান