বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে ছাত্রলীগের একাংশ। ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিনেও অনুষ্ঠিত হয়নি কোন ধরনের পরীক্ষা ও ক্লাস। বন্ধ ছিল শাটল ট্রেন ও শিক্ষকদের বাস।
দুপুরে অবরোধ চলার ঘোষণা দিয়ে বিকালে অবরোধ প্রত্যাহার করে নেয় ধর্মঘট ডাকা ছাত্রলীগের একাংশ। এ বিষয়ে চবি শাখা ছাত্রলীগের সাবেক তথ্য বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের আশ্বাসে আমরা অনির্দিষ্টকালে অবরোধ প্রত্যাহার করে নিয়েছি।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে গত রবিবার ছাত্রলীগের ধর্মঘটে পরিবহন পুলে থাকা ক্ষতিগ্রস্ত শিক্ষক বাসের ত্রুটি সারানো যায়নি। ফলে সোমবার চট্টগ্রাম শহর থেকে শিক্ষকদের পরিবহনে কোনো বাস যেতে পারেনি।
হাটহাজারী থানার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আমরা সর্তক রয়েছি। যানবাহনের সমস্যা থাকার কারণে ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতি কম। দুই শিক্ষার্থী ও ছয় জনের অস্ত্র মামলার বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আশ্বাসে আটককৃত দুই জনকে রবিবার রাতে ছেড়ে দেওয়া হয়েছে। বাকী ছয় জনে বিরুদ্ধে যে অস্ত্র মামলা হয়েছে সেটা যেহেতু শিক্ষার্থীদের বিষয় সে ক্ষেত্রে পর্যাপ্ত পজেটিভ চিন্তা ভাবনা করা হবে।