বগুড়ার দুপচাঁচিয়ায় পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীর আত্মহত্যায় প্ররোচনা ও পুলিশের ওপর হামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বুলু মন্ডল (৩৮) নামে একজনকে আত্মহত্যায় প্ররোচনায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বুলু উপজেলার মোস্তফাপুর উত্তরপাড়ার জাহিদ মন্ডলের ছেলে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের মেইল বাসস্ট্যান্ড এলাকার একটি ক্লিনিক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উপজেলার চামরুল ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোস্তফাপুর বাসাগাড়ি এলাকায় গত ৯ অক্টোবর সন্ধ্যায় মিলি খাতুন (১৪) বখাটেদের উত্ত্যক্তের শিকার হয়ে আত্মহত্যা করে। এই ঘটনায় তার মা বেলী খাতুন বাদী হয়ে ঐ রাতে দুইজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলায় একই গ্রামের জাহিদ মন্ডলের ছেলে দুই সন্তানের জনক বুলু মন্ডল (৩৮) ও আবুল ফকিরের ছেলে চার সন্তানের জনক ছদরুল ফকিরকে (৩৬) আসামী করা হয়।
অপর দিকে গত ৮ অক্টোবর উপজেলার জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রোজিফা আক্তার সাথীর (১৫) আত্মহনন মামলার আসামিকে বজরাপুকুর বাজার থেকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলা করে আসামি ও ওয়াকিটকি কেড়ে নেওয়া হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলায় গত শনিবার দিবাগত রাতে আব্দুর রহিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুর রহিম হেরুঞ্জ খোড়াপাড়া গ্রামের মৃত মাবেদ আলী মন্ডলের ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, স্কুলছাত্রী মিলি খাতুন আত্মহনন মামলায় বুলু মন্ডল ও জিয়ানগর বজড়াপুকুর এলাকায় সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আব্দুর রহিমকে গ্রেপ্ততার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআই