ঝুঁকিপূর্ণ সব প্রাথমিক বিদ্যালয়ের ভবন চিহ্নিত করার নির্দেশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল চলমান অবকাঠামো উন্নয়ন কাজও পরিদর্শনের নির্দেশ দেয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পৃথক দুটি আদেশে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। সম্প্রতি একটি স্কুল ভবনের পলেস্তারা ও বিম ভেঙে বরগুনায় এক ছাত্রী নিহতের পর এ নির্দেশনা দেওয়া হলো।

ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত সংক্রান্ত জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যালয় পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। অবকাঠামো পরিদর্শন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে মন্ত্রণালয় সংক্রান্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় বিদ্যালয়ের ভবনসহ বাউন্ডারি ওয়াল, ওয়াশব্লক ও টিউবওয়েল ইত্যাদি স্থাপনা ও নির্মাণকাজ চলমান রয়েছে। উক্ত নির্মাণকাজের গুণগতমান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারসহ অন্যদের নিবিড় পর্যবেক্ষণ দরকার।