জামালপুরের সরিষাবাড়ী উপজেলা থেকে আইএস সদস্য পরিচয় দিয়ে মাহবুবুর রহমান সৈকত (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দেরপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে সৈকত স্থানীয় চিলড্রেন’স হোম পাবলিক স্কুলের ১০ম শ্রেণির ছাত্র। শুক্রবার সকাল থেকে নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুজির করে তাকে না পেয়ে শনিবার অপহৃতের বাবা সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
অপহৃত শিক্ষর্থীর বাবা আব্দুল মান্নান জানান, গত শুক্রবার ভোর ৬টার দিকে তার ছেলে মাহবুবুর রহমান সৈকত বাইসাইকেল নিয়ে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। আইএস পরিচয় দিয়ে অজ্ঞাত চক্র তাঁর ছেলেকে অপহরণ করেছে বলে তিনি দাবি করেন।
তিনি অভিযোগ করে বলেন, গত ২০১৫ সালের ১৭ জুলাই তাঁর মোবাইল ফোনে এসএমএস- এর মাধ্যমে আইএস সদস্য পরিচয়ে অজ্ঞাত এক ব্যক্তি ছেলে সৈকতকে মেরে লাশ উপহার দেওয়ার হুমকি দিয়েছিল। পরে এ ঘটনায় ওই দিনই তিনি সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বলেন, নিখোঁজের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
ইত্তেফাক/এমআই