ফতুল্লায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৩ শ্রমিকের মৃত্যু

ফতুল্লায় নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ফতুল্লার লালখা এলাকায় আবদুর রশিদ বেপারীর নির্মাণাধীন বাড়িতে ওই ঘটনা ঘটে। বিষাক্তগ্যাসে নিহতরা হলেন- নির্মাণ শ্রমিক নবী হোসেন (৩৫), লিয়াকত হোসেন (৪৫) এবং শাহীনুর (৩৩)। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের লোকজন এসে সেপটিক ট্যাংক থেকে ৩ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ একশ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।  
 
ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) শাহজালাল বলেন, রবিবার দুপুরে ওই তিন শ্রমিক সেপটিক ট্যাংকে নামে সেন্টারিংয়ের কাঠ খুলতে। কিন্তু ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে ৩ জনই মারা যান। ঘটনাটি আঁচ করতে পেরে অন্যান্য শ্রমিকরা ভবন নির্মাণের ঠিকাদার আবদুল খালেককে জানালে তিনি ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর থেকে ঠিকাদার আবদুল খালেক এবং বাড়ির মালিক আবদুর রশিদ বেপারী পলাতক রয়েছেন।  
 
ইত্তেফাক/এমআই