বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বোয়িং-৭৩৭ ময়ূরপঙ্খী গতকাল সোমবার বিকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করেছে। বিকাল ৫টা ৪৪ মিনিটে বিমানটি একশ যাত্রী নিয়ে বিমান বন্দরের রানওয়েতে নেমে আসে। সিঙ্গাপুর থেকে ঢাকায় যাওয়ার পথে মাঝ আকাশে বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে গেলে ইঞ্জিনটিকে পাইলট শাটডাউন করেন। ফলে আন্তর্জাতিক এভিয়েশন আইন অনুসারে বিমানটিকে নিকটবর্তী চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণ করাতে হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানান।
চট্টগ্রাম আন্তর্জাতিক বিমান বন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ও স্টেশন ট্রাফিক ম্যানেজার কাজী খায়রুল কবির ইত্তেফাককে বলেন, বিমানটি নিরাপদে চট্টগ্রামে অবতরণ করেছে। এটি সিঙ্গাপুর থেকে ১০০ জন যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। বিমান বন্দরে বিমানটির ইঞ্জিনের ত্রুটি সারানোসহ সার্বিক পরীক্ষা-নিরীক্ষা করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।