ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সরকারি বাসভবনে দিন-দুপুরে দুঃসাহসিক চুরি হয়েছে। রবিবার সকালে বাসভবনের দরোজার তালা ভেঙে চোর ঘরে ঢোকে। পরে আলমারির লক ভেঙে প্রায় ২১ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা নিয়ে নিয়ে যায়।
জানা যায়, নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম রবিবার সকাল সাড়ে ১০টার দিকে অফিসে আসেন। তার স্ত্রী সন্তানকে নিয়ে স্কুলে যাওয়ার যান। এজন্য উপজেলা পরিষদ এলাকার সরকারি বাসভবনের ‘মধুবন’ দ্বিতীয় তলা তালাবদ্ধ করে প্রতিদিনের মতো রবিবারেও বের হন।
পরে এক ঘন্টার কিছু সময় পর বাসভবনে ফিরে এসে দেখেন দরোজা খোলা ও আলমারির লক ভাঙা। ঘরের মালপত্র তছনছ করে এলোমেলোভাবে ছড়ানো-ছিটানো। আলমারিতে স্বর্ণালংকার ও নগদ টাকাও নেই।
সংবাদ পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আগেরদিন শনিবার বিকেলে ফুলপুর মহিলা কলেজের সন্নিকটে গোদারিয়ায় হাবিবুর রহমান নামে আরেকজনের বাসায়ও চুরির ঘটনা ঘটে। এখানেও নগদ টাকা ও স্বর্ণালংকার খোয়া গেছে।
ইত্তেফাক/নূহু