বিএনপির অন্যায় আবদারের কাছে মাথা নত করব না: নাসিম

 
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সবার আগে দরকার বিএনপির চোখের চিকিত্সা। তারা সরকারের উন্নয়ন কার্যক্রম চোখে দেখে না। বিএনপি আজকে সংবিধানের বাহিরে গিয়ে নির্বাচন করতে চায়। আমরা তাদের এ অন্যায় অবদারের কাছে মাথা নত করবো না। গতকাল রবিবার বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, স্বাস্থ্য সেবায় বাংলাদেশ আজ রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে স্বাস্থ্য সেবা কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। রাজধানী ঢাকাসহ সারাদেশে অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ হাসপাতাল প্রতিষ্ঠা করা হচ্ছে। দাতা সংস্থাগুলোর  দ্বিমত সত্ত্বেও সরকার চক্ষু চিকিত্সা কার্যক্রমকে গুরুত্ব দিয়ে ন্যাশনাল আই কেয়ার কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে।
 
তিনি আরো বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের কমিটমেন্ট রয়েছে। সরকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট-এর পাশাপাশি দক্ষিণ বাংলার মানুষের জন্য গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটও প্রতিষ্ঠা করেছে। সম্প্রতি রাজধানীর উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালটিকে সরকারি ব্যবস্থাপনায় এনে নতুনভাবে চালু করা হয়েছে। রাজধানীর মুগদায়ও ৫০০ শয্যা বিশিষ্ট আর একটি আধুনিক হাসপাতাল চালু হয়েছে। বর্তমানে স্বাস্থ্য সেবায় বাংলাদেশ ভারত ও পাকিস্তানের চেয়েও এগিয়ে রয়েছে।
 
ন্যাশনাল আই কেয়ারের লাইন ডাইরেক্টর এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক এবং ইনগো ফোরামের চেয়ার ও সাইট সেভার্স-এর কান্ট্রি ডাইরেক্টর মো. আরিফুল ইসলাম।
 
ইনগো ফোরামের চেয়ার ও সাইট সেভার্স-এর কান্ট্রি ডাইরেক্টর মো. আরিফুল ইসলাম বলেন, বেসরকারি সংস্থাগুলো চক্ষু চিকিত্সায় বাংলাদেশ সরকারকে  সর্বাত্মক সহায়তা অব্যাহত রাখবে। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল আই কেয়ারের লাইন ডাইরেক্টর ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক  ডা. গোলাম মোস্তফা।
 
ইত্তেফাক/আনিসুর