মঠবাড়িয়ায় খাল থেকে রাজু শিকদার (২৬) নামে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বড়হারজী ৪৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশের খাল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের হক শিকদারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, রবিবার রাতে স্থানীয় একটি মাহফিলে গিয়ে রাজু আর বাড়ি ফিরে আসেনি। সোমবার সন্ধ্যায় বড় হারজী রাস্তার পাশের খালে রাজুর লাশ ভাসতে দেখে স্থানীয় চৌকিদার পুলিশে খবর দেয়। পরে পুলিশ খাল থেকে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ্ জানান, রাজু মাদকাসক্ত ছিল। তার নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মঙ্গলবার লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে।
ইত্তেফাক/আরকেজি