সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. মোক্তার মোল্লা নামে  এক বনদস্যু নিহত হয়েছে। তিনি সুন্দরবনের বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন বলে র‌্যাব দাবি করেছে। এ সময় সেখান থেকে ২১ টি অস্ত্র ও ৩৭টি গুলি উদ্ধার করা হয়। সোমবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের শৈলা খাল এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
 
র‌্যাব-৮ এর এক প্রেস রিলিজ সূত্রে জানা যায়, সুন্দরবনের বনদস্যু লিটন বাহিনী ও তার ৭ থেকে ৮ জন সহযোগী শরণখোলা রেঞ্জের শৈলা খাল এলাকায় অবস্থান করছে এমন গোপণ সংবাদ পেয়ে র‍্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় বনদস্যুরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ শুরু করলে র‍্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ৩৫ মিনিট বন্দুকযুদ্ধের পর দস্যুরা বনের ভিতরে পালিয়ে যায়।
 
পরে র‌্যাব সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে র‍্যাবের  কর্মকর্তারা দাবি করেন। পরে সুন্দরবনে নদী ও খালে থাকা জেলেরা সেখানে এসে নিহত ব্যক্তিকে বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোক্তার মোল্লা বলে সনাক্ত করেন। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
 
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি ডাবল ব্যারেল বন্দুক, একটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, একটি কাটারাইফেল, দুটি ওয়ান স্যুটারগান ও ১৬টি পাইপগান এবং ৩৭ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি। অস্ত্র গোলাবারুদ ও নিহতের মরদেহ বাগেরহাটের শরণখোলা থানায় নিয়ে আসা হচ্ছে।
 
র‌্যাব-৮ আরো জানায়, লিটন নামে এক ব্যক্তি প্রায় দুই মাস আগে নিজ নামে বাহিনী গড়ে তুলে সাগর ও সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে, বাওয়ালী ও মৌয়ালদের কাছ থেকে চাঁদা আদায় ও অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছে বলে অভিযোগ রয়েছে।
 
ইত্তেফাক/এমআর