বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার প্রকাসিত খসড়া ভোটার তালিকায় ১৬৭ জনের নাম রয়েছে। তবে বাদ পড়েছেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।
মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ, শুনানি অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৫টায় নির্বাচন কমিশনের কার্যালয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এদিকে বিসিবির পরিচালক পদে নির্বাচনের জন্য আগামী ২০ অক্টোবর মিরপুর স্টেডিয়ামে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। এবার মনোনয়নপত্রের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকার (অফেরতযোগ্য)। ২৪ অক্টোবর মনোনয়নপত্র দাখিল ও ২৫ অক্টোবর বাছাই অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের খসড়া পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে ২৮ অক্টোবর। ওইদিনই তালিকার উপর আপত্তি থাকলে সে বিষয়ে শুনানি হবে। ২৯ অক্টোবর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন। একই দিন বেলা ১টায় নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর আগামী ৩১ অক্টোবর বিসিবির বোর্ড রুমে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ওইদিনই ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। আর চূড়ান্ত ফলাফল ১ নভেম্বর বিকেল ৩টায় ঘোষণা করবে নির্বাচন কমিশন।
ইত্তেফাক/কেআই