বেঙ্গালুরুতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬

ভারতের বেঙ্গালুরুতে সিলিন্ডার বিস্ফোরণে একটি তিন তলা বাড়ি ভেঙে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহতাবস্থায় আরো তিন ব্যক্তিকে উদ্ধার করা হয়। বেঙ্গালুরুর ইজিপুরা এলাকায় সোমবার সকাল সাড়ে ৬টায় দুর্ঘটনাটি ঘটে।
 
সিলিন্ডার বিস্ফোরণের ফলে বাড়িটির একটি অংশ ভেঙে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তার জেরে আশপাশের বেশ কয়েকটি বাড়িতেও ফাটল ধরেছে। বাড়ি ভাঙার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। শুধুমাত্র একটি সিলিন্ডার ফেটে এমন ঘটনা কীভাবে ঘটলো, সে বিষয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। 
 
বেঙ্গালুরুর অন্যতম ঘিঞ্জি এলাকা এই ইজিপুরা। ফলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। ধ্বংসস্তূপের নীচে কেউ চাপা পড়ে রয়েছে কি না তার খোঁজ চলছে। এর মধ্যে, নিহতদের পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার। এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু