বঙ্গবন্ধু সেতুর ওজন যন্ত্র বিকল হওয়ায় যানজট, ১০ ঘণ্টা পর স্বাভাবিক

 
বঙ্গবন্ধু সেতু পূর্ব ওজন স্টেশনের পরিমাপ যন্ত্র বিকল হয়ে পড়ায় সোমবার ভোর ৫টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ধীরগতিতে যানবাহন চলাচল করে । এসময় শতশত যানবাহন আটকা পড়ে যায়।
এতে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে কালিহাতী উপজেলার সড়াতৈল পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
 
পুলিশের প্রচেষ্ঠায় দুপুর তিনটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। তবে দীর্ঘ ১০ ঘণ্টা চরম দূর্ভোগ ও ভোগান্তি পোহাতে হয় চালক ও যাত্রীদের।
 
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জামাল হোসেন জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোল প্লাজার তিনটি ওজন স্টেশনের মধ্যে একটি পুরোপুরি বিকল হয়ে পড়ে। বাকি দুটিও মাঝে মাঝে বিকল হয়ে পড়ায় সেতুর পূর্বপাড়ের ওজন স্টেশন এলাকায় শতশত যানবাহন আটকা পড়েছিল। যানবাহনের লাইন দীর্ঘ হওয়ায় বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে কালিহাতী উপজেলার সড়াতৈল পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক ভাবে চেষ্টা করায় দুপুর তিনটার দিকে যানচলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।
 
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের সহকারী প্রকৌশলী ওয়াসিম আলী জানান, ওজন স্টেশনের যন্ত্রপাতি ঠিক আছে। তবে গাড়ির চাপ বেশি থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছিল।
 
ইত্তেফাক/আরকেজি