প্রেমিকের বাড়ির কাছে গিয়ে বিষপান, অতঃপর মৃত্যু

 
পিরোজপুরের মঠবাড়িয়ায় লিমা আক্তার (২০) নামে এক কলেজ ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে থানা পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। নিহত লিমা উপজেলার সেনের টিকিকাটা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। তিনি শহরের মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়াশুনা করছিলেন।
 
থানা সূত্রে জানা গেছে, আজ সকালে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে প্রতিবেশী প্রেমিক রাসেলের বাড়ির কাছে গিয়ে বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। এসময় রাস্তার পথচারীরা দেখতে পেয়ে মেয়েটির বাড়িতে খবর দিলে স্বজনেরা গিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
মঠবাড়িয়া থানার এসআই জামাল উদ্দিন জানান, ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে।
 
ইত্তেফাক/কেকে