সাভারে পৃথক স্থান থেকে এক স্কুল ছাত্রী ও এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বিকেলে আশুলিয়ার কাঠগড়া এলাকার নিজ ভাড়া বাড়িতে স্থানীয় নতুন কুড়ি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী শান্তাকে (১৪) ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত ওই স্কুল ছাত্রী পাবনা জেলার বেড়া থানার শালিবাগ গ্রামের জালাল উদ্দিনের মেয়ে।
অন্যদিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর থেকে জানুমিয়া (৭১) নামের কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কৃষক মহাসড়কে গাড়ি চাপায় মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ। নিহতের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার সমাজ জীবনপুর গ্রামে।
এ ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।