নেত্রকোনার হাওরাঞ্চলের একমাত্র পাঠাগার মোহনগঞ্জ সাধারণ পাঠাগার। ঐতিহ্যবাহী এ পাঠাগারটিকে অত্র এলাকার মানুষের জ্ঞানের বাতিঘর বলা যায়। পাঠাগারটির নব্যগঠিত পরিচালনা কমিটির শপথ পাঠ অনুষ্ঠান সোমবার সম্পন্ন হয়েছে। শপথ অনুষ্ঠানে পরিচালনা কমিটির সদস্যরা শপথ করেন, তারা এলাকার মানুষের মাঝে জ্ঞানের আলো বিতরণে সক্রীয় থাকবেন। মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে ন্যায় ও নিষ্টার সঙ্গে তারা দায়িত্ব পালন করবেন।
মোমবার রাতে ২০১৭/১৮ সালের কার্যকরী পরিচালনা কমিটির এ শপথ পাঠ পাঠাগার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান মোহনগঞ্জের ইউএনও ও পাঠাগার সভাপতি মোঃ মেহেদি মাহমুদ আকন্দ।
শপথবাক্য পাঠ অনুষ্ঠানে পাঠাগারের সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদি মাহমুদ আকন্দ বলেন, ‘আমরা মানুষ। সৃষ্টির সেরা জীব। কিন্তু সত্যিকার অর্থে মানুষ একটি সাধারণ প্রাণী হিসেবেই জন্ম নেন। শিক্ষা গ্রহণের মাধ্যমে মানুষ পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দ্বিতীয়বার জন্ম নেয়। আর সে শিক্ষার প্রধান উপকরণ হলো বই। তাই যারা মানুষ হতে চান তারা নিজেরা বই পড়বেন এবং আশেপাশের মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলতে বই পড়তে বলবেন। আর বই পড়তে হলে পাঠাগারে আসতে হবে।’
শপথবাক্যপাঠ করেন কার্যকরী কমিটির সহসভাপতি সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ ইউছুফ আলী, অন্যান্য কর্মকর্তারা হলেন, অমল সরকার, আহমেদুর রহমান খোকন, মেজবাহ উদ্দিন, সানাউল হক, এস,এম, সারোয়ার খোকন, শাহজাহান আলম বিপ্লব, রোকনুজ্জামান, কামরুজ্জামান, এরশাদ উদ্দিন বাচ্চু, আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় আগামী ১ বছরের জন্য পাঠাগার পরিচালনা ও কর্মপরিকল্পনা এবং তা বাস্তবায়নের পদক্ষেপ বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, ১৯৮৮ সালে এই পাঠাগারটি প্রতিষ্ঠা লাভ করে। গত ২৯ বছর যাবৎ হাওরাঞ্চলের মানুষের মাঝে একমাত্র এই পাঠাগারটি জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। এই পাঠাগারে প্রতিদিন বিনামূল্যে কয়েক শত স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ দৈনিক সংবাদপত্র ও বিপুল পরিমান দুর্লভ বই পড়ার সুযোগ পাচ্ছেন।
ইত্তেফাক/নূহু