চৌহালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধন, ১২ জেলের কারাদণ্ড

ইলিশ মাছের উত্তরবঙ্গের অন্যতম প্রজনন কেন্দ্র সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদী। বর্তমানে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। তবুও নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে মাছ ধরা হচ্ছিল।

নিষেধ অমান্য করে মাছ ধরার অপরাধে ১২ জেলেকে আটক করে তাদের প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ৫ হাজার মিটার জাল আটক করে পুড়িয়ে দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

আদালত জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা পর্যন্ত স্থল ও সদিয়াচাঁদপুর ইউনিয়ন জুড়ে যমুনায় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় মাছ ধরা অবস্থায় গোসাইবাড়ির নুর মোহাম্মদের ছেলে হাসান আলী (২৮), বোয়ালকান্দির শুকুর আলীর ছেলে রেজাউল (৩৩), চারু মিয়ার ছেলে আজিজল (৩৫), চাঁদপুরের আব্দুল হামিদের ছেলে মোহাম্মদ আলী (২৫), খালেক মিয়া (২০), রুপনাই গ্রামের নেকবরের ছেলে শেখ সাদী (২৪), আয়নালের ছেলে আলম (২৭), দেওয়ানতলার রহমত আলীর ছেলে আশান আলী (৩২), ব্রাক্ষ্মনগ্রামের মাহমুদ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২), কাইয়ুম উদ্দিনের ছেলে ইয়াকুব আলী (৪০), নজরুল ইসলামের ছেলেআবুল কাশেম (৩৫) এবং টাঙ্গালের ইষাপাশার মৃত আব্দুল কাদেরের ছেলে আলতাফ আলী (৪০) সহ ৫ হাজার মিটার জাল আটক করা হয়।

পরে আটককৃত জেলেদের প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড এবং জালগুলো পুড়িয়ে ফেলা হয়। সোমবার সন্ধ্যায় সাজাপ্রাপ্তদের এনায়েতপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ সময় এনায়েতপুর থানার ওসি তদন্ত মোয়াজ্জেম হোসেন, চৌহালী মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত ২ মন ইলিশ মাছ বিভিন্ন মাদ্রসায় ও এতিম খানায় বিতরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু