সাভারে চিত্রনায়ক অনন্ত জলিলের মালিকানাধীন তৈরি পোশাক কারখানার প্রায় ৫৭ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে তার গাড়ি চালক শহিদ বিশ্বাস। এঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের পর কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা জহিরুল ইসলামকে আটক করা হলেও ঘটনার মূল হোতা গাড়িচালক শহিদ বিশ্বাসকে আটক করতে পারেনি পুলিশ। রবিবার বিকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপে এ টাকা চুরির ঘটনা ঘটে।
কারখানাটির হেড অব এইচ আর এন্ড এ্যাডমিন জাহিদুল হাসান মীর বলেন, রবিবার দুপুরে এজেআই গ্রুপের হিসাবরক্ষণ কর্মকর্তা জহিরুল ইসলাম ও গাড়িচালক শহিদ বিশ্বাস রাজধানীর আদাবর এলাকায় কারখানার এক পরিচালকের বাসা থেকে গ্যাসের বিল দেওয়ার জন্য ৫৭ লাখ টাকা নিয়ে প্রাইভেটকার করে সাভারের হেমায়েতপুরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্দেশে রওয়ানা দেয়। তারা হেমায়েতপুর শাখায় টাকা জমা না দিয়ে সাভারের থানা রোড এলাকার সোনালী ব্যাংকে আসেন। এসময় হিসাব রক্ষণ কর্মকর্তা গাড়িতে ৫৭ লাখ টাকা রেখেই সোনালী ব্যাংকে ঢুকলে গাড়িচালক শহিদ বিশ্বাস কৌশলে প্রাইভেটকার রেখেই ৫৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে বিষয়টি হিসাবরক্ষণ কর্মকর্তা কারখানা কর্তৃপক্ষকে জানালে কারখানা কর্তৃপক্ষ সাভার মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হিসাবরক্ষণ কর্মকর্তা জহিরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। পরে রাতেই ওই হিসাবরক্ষক ও গাড়িচালককে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে কারখানা কর্তৃপক্ষ।