তেজগাঁওয়ে ট্রাকের চাকায় পিষ্ট হলেন সবজি ব্যবসায়ী

রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফাতু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মোহাম্মদপুরের তাজমহল রোডে সবজি ব্যবসায়ী। 

পুলিশ জানায়, ফাতু মিয়া কাওরান বাজার থেকে সবজি কিনে মোহাম্মদপুরে বিক্রি করেন। সোমবার ভোরে সবজি কিনে তার রিকশা ভ্যানে তুলে মোহাম্মদপুরের উদ্দেশে রওনা হন। বিজয় সরণীতে একটি ট্রাক তার রিকশা ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। ট্রাকটি তাকে পিষিয়ে দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সকাল সাড়ে ৭টায় কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জের অষ্টগ্রামে তার বাড়ি।