মুক্তিযোদ্ধা চুল্লুর দাফন বুধবার

 
মহান মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুনের সদস্য আবুল মাসুদ সাদেক চুল্লুকে আগামীকাল বুধবার রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।
 
মাসুদ সাদেকের মরদেহ এখন ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরলে বুধবার বিকালে বনানী ওল্ড ডিওএইচএস মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
 
সোমবার বিকেল ৫টায় বনানীতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
 
একাত্তরের গেরিলা যোদ্ধা চুল্লু মুক্তিযুদ্ধে ঢাকায় তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টালে বোমা হামলায় অংশগ্রহণ করেন। তিনি সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের ছোট ভাই এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের দেবর। তিনি সহধর্মিনী ইয়াসমিন সাদেক, একমাত্র মেয়ে সানজানা সাদেকসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। সানজানা সাদেক বর্তমানে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন।
 
আবুল মাসুদ সাদেক চুল্লুর মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বাসস
 
ইত্তেফাক/কেকে