প্রায় ৩০ হাজার রোহিঙ্গা উখিয়া সীমান্তের আনজুমানপাড়া জিরো পয়েন্ট নাফনদীর পারে অবস্থান করছে সোমবার রাত থেকে। তারা চলে আসার জন্য চেষ্টা করলেও বিজিবির বাধার মুখে আসতে পারছে না। প্রত্যক্ষদর্শীরা বলছেন, জড়ো হওয়া রোহিঙ্গাদের অনেকেই ভিন্ন পথে ক্যাম্পে চলে আসছে। এ প্রসঙ্গে সীমান্তে দায়িত্বরত বিজিবির কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, উপরের নির্দেশ না পাওয়া পর্যন্ত তাদের এ অবস্থায় থাকতে হবে।
প্রায় অর্ধলক্ষাধিক রোহিঙ্গা সোমবার বালুখালী, কুতুপালং, হাকিমপাড়া, জামতলী, শফিউল্লাহকাটাসহ কক্সবাজার টেকনাফ সড়কের আশেপাশে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। প্রচণ্ড গরম আর বৃষ্টিতে তাদের অবস্থা কাহিল হয়ে পড়েছে। বিশেষ করে মহিলা ও শিশুরা অনাহারে অর্ধাহারে এবং পানীয় জলের অভাবে কাতরাচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বেশ কিছু রোহিঙ্গা বিভিন্ন পয়েন্ট দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে এপারে চলে আসতে সক্ষম হয়েছে বলে বালুখালী ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা জানিয়েছেন। কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, আনজুমানপাড়া সীমান্তে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা প্রবেশের অপেক্ষায় জড়ো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি