জাবির ভর্তি পরীক্ষা: প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, কারাগারে

জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার শেষ দিনে প্রক্সি দেওয়ার অপরাধে এক যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তিনি তার অপরাধ স্বীকার করায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে সেই প্রক্সিদাতার ফেসবুক ইনবক্স চেক করে জানা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়াই তার কাজ। আর এই জন্য বিভিন্ন জায়গায় থেকে ভর্তি পরীক্ষার্থী সংগ্রহ করেন মাসুম বিল্লাহ নামে একজন। যিনি তাকে টাকার বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা দিতে চুক্তিবদ্ধ হতে সাহায্য করেন।
 
প্রক্সিদাতা মো. মনির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)২০০৮-০৯ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। ইতোমধ্যে তিনি ঢাবি থেকে  স্নাতক ও  স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামে। তিনি মৃত মো. কেরামত আলীর ছেলে।
জানা যায়, মঙ্গলবার ‘এফ’ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে জাবির পাবলিক হেলফ্ অ্যান্ড  ইনফরমেটিক্স বিভাগের ২ নং কক্ষ থেকে মো. মনির হোসেন আটক হন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেতুর সাথে ১ লাখ  টাকার চুক্তিতে ওমর ফারুক বাবু (রোল নং ৬২০৩২৫) নামে এক শিক্ষার্থীর পরিবর্তে পরীক্ষা দিতে এসেছিলেন। মনির ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনা স্বীকার করেছেন।
 
এ বিষয়ে রায় প্রদানকারী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভারের সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষ বলেন, ‘পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০ এর ৩ (খ) ধারা অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’