গাজীপুরে নিখোঁজের ১দিন পর ড্রেনে মিলল যুবকের লাশ

 
গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির পাশে একটি ড্রেন থেকে শাখাওয়াৎ হোসেন বাবলু (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধারের পর বিকেলে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ঘটনার পর কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত, থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন আহামদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
বাবলু উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খলাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি নরসিংদী সরকারি পল্লী টেকনিক্যালে লেখাপড়া করতেন।    
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন বাবুল। পরে সারারাত বাড়ি না ফেরায় আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ-খবর নেওয়া হয়।কিন্তু কোন সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে নিহতের বাড়ির পাশে জঙ্গলের নিচে ধান ক্ষেতে পানির জন্য ব্যবহৃত একটি ড্রেনে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 
 
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত জানান, ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে ফেলে গেছে।
 
ইত্তেফাক/আরকেজি