শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের ক্ষুদ্র মত্স্যজীবী অতিদরিদ্র পরিবারের সন্তান অনিল বিশ্বাস। ৮০ বছর বয়সে তিনি পদার্পণ করেছেন। বয়সের ভারে বর্তমানে ভালোভাবে কথা বলতে বা চলাফেরা করতে পারেন না। কিন্তু এখনও তার ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতার কার্ড। অনিলের স্ত্রী করুণা রানী (৭০) বিশ্বাসেরও একই অবস্থা।
সাত বছর বয়সে অনিল বিশ্বাস পিতৃহারা হওয়ার পর পৈত্রিক ভিটার ছয়-সাত শতাংশ জমির উপর একটি ছোট্ট ঘর তৈরি করে বসবাস শুরু করেন এবং বাবার জাত পেশা মাছ আহরণ ও বিক্রির কাজ শুরু করেন। এ সামান্য ব্যবসাকে পুঁজি করে তিনি স্ত্রী, সন্তান নিয়ে কোনোমতে জীবন বাঁচিয়ে রেখেছেন। দারিদ্র্যতার সঙ্গে সংগ্রাম করেই বেঁচে আছেন তিনি। ৮০ বছর বয়সের অনিল বিশ্বাস ও ৭০ বছর বয়সের করুণা বিশ্বাসের ভাগ্যে আজও জোটেনি কোনো বয়স্ক ভাতার কার্ড বা অন্যান্য কোনো সরকারি সুযোগ-সুবিধা।
শ্রীকোল ইউপি চেয়ারম্যান মুস্তাসিম বিল্লাহ সংগ্রাম বলেন, বয়স্ক ভাতার বিষয়ে স্ব-স্ব ওয়ার্ডের মেম্বাররা যাচাই-বাছাই করেন। তবে অনিল বিশ্বাস সম্পর্কে আমাকে কেউ কিছু বলেনি। তবে তার পরিবারের লোকজন যোগাযোগ করলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু