গোল উৎসবে জিতল লিভারপুল। মঙ্গলবার রাতে এফসি মারিবোরকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে অল রেডসরা। প্রতিপক্ষের মাঠেই রবার্তো ফিরমিনো-কুটিনহো-মোহামেদ সালাহদের নৈপুণ্যে প্রথমার্ধেই হয়েছে চার গোল। বিরতির পর হয় আরও তিন গোল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অ্যাওয়ে ম্যাচে ইংলিশ কোনো দলের এটি সবচেয়ে বড় জয়।
একইদিনে সেভিয়াকে ৫-১ গোলে হারিয়েছে স্টার্টাক মস্কো। এতে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে শীর্ষে আছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে স্পার্টাক।
IMG0
প্রতিপক্ষের মাঠে চার মিনিটেই গোলের সূচন করে লিভারপুল। সালাহর বাড়ানো বলে সহজেই লক্ষ্যভেদ করেন ফিরমিনো। ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জার্গেন ক্লপের দল। জেমস মিলনারের কাট ব্যাকে দারুণ ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন ফিলিপ কুটিনহো। ছয় মিনিট পর ফিরমিনোর সোজা বাড়ানো বল ধরে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সালাহ। খেলার ৩৯ মিনিটে সালাহ আরেক গোল করেন। সেই সুবাদে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় লিভারপুল।
IMG1
৫৪ মিনিটে ফিরমিনো ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন। ৮৬ মিনিটে অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন আরেক গোল করেন। আর শেষ মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড মারিবোরের জাল ভেদ করলে বড় জয় পায় লিভারপুল।
ইত্তেফাক/কেআই