হোমনার ভাষানিয়া-কাজীরগাঁও সড়কটি চলাচলে অযোগ্য

 
কুমিল্লা হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়ন পরিষদ থেকে কাজীরগাঁও পর্যন্ত সড়কটির বেহাল অবস্থা বিরাজ করছে। সড়কটির বিভিন্ন স্থানে পিচ ঢালাই ও মাটি সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে এ সড়ক দিয়ে চলাচলকারী সিএনজি অটোরিকশাসহ সকল প্রকার যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে। এতে করে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়কে চলাচলকারী দশটি গ্রামের মানুষকে।
 
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান কমরুল ইসলাম জানান, সড়কের পাশে অনেক গর্ত রয়েছে। এর ফলে সড়কের পাশের বাসা-বাড়ির বৃষ্টির পানি এসব গর্তে নামতে নামতে সড়কের অনেক স্থানেই মাঝখান দিয়ে গর্ত হয়ে সড়কটি প্রায় চলাচল অযোগ্য হয়ে গেছে। তারপরও লোকজন সময় বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে সিএনজি অটোরিকশায় যাতায়াত করছে এবং এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসী সড়কটি দ্রুত সংস্কার করতে কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। উপজেলা প্রকৌশলী জহিরুল হক জানান, সড়ক সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু হবে।
 
ইত্তেফাক/জামান