সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটে বাসসহ সব ধরণের পরিবহন চলাচল বন্ধ রয়েছে।
বিভাগীয় নগরী কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সকাল থেকে ছেড়ে যায়নি কোন আঞ্চলিক ও দূরপাল্লার বাস। বাস না পেয়ে যাত্রীরা রেল স্টেশনমুখী হলেও যাত্রীর চাপে ছিলনা ট্রেনের টিকেটও। হঠাৎ এই ধর্মঘটের ফলে বিপাকে পড়েছেন ঢাকা সহ বিভিন্ন গন্তব্যের যাত্রী সাধারণ। অনেকেই গন্তব্যে যেতে না পেরে রেল ও বাসস্টেশনে মানবেতর সময় কাটাচ্ছেন। যাত্রীরা জানান, তাদের হাতে টাকা পয়সা নেই যে হোটেলে অবস্থান করবেন।
এদিকে সকাল থেকে নগরীর কিছু সংখ্যক সিএনজি অটোরিকশা চলাচল করলেও পরিবহন শ্রমিকদের বাধার মুখে এখন বন্ধ রয়েছে সিএনজি অটোরিকশা, লেগুনাসহ অন্য পরিবহনগুলোও। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা।
সিলেটের দক্ষিণ সুরমায় কদমতলি বাসস্ট্যান্ড এলাকার তাজমহল হোটেলের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বুধবার সকাল ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক ও শ্রমিকরা। মঙ্গলবার রাতে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এক জরুরি সভা থেকে এই ধর্মঘটের ডাক দেন।
ইত্তেফাক/জামান