জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী' পালন করেছে শাখা ছাত্রলীগ। বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। পরে 'আমাদের বিশ্ববিদ্যালয়, আমরাই পরিষ্কার রাখবো' এ স্লোগানে পুরো ক্যাম্পাস ঝাড়ু হাতে পরিষ্কার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, 'ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এ ক্যাম্পাসে বিশাল সংখ্যক পরীক্ষার্থী, অভিভাবকের আগমন ঘটেছে। যার কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার স্তূপ হয়। আর এসব ময়লা দূর করণে এ সবুজ ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে ছাত্রলীগ যে উদ্যোগ নিয়েছে তা দেখে আমি সত্যিই আনন্দিত।'
ছাত্রলীগের নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'তোমাদের প্রতি আমাদের একটাই আশা তোমরা সত্যিকারের মানুষ হয়ে ওঠো। মাদক থেকে দূরে থাকো। দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসো।'
উদ্বোধনী অনুষ্ঠানে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের সঞ্চালনায় সভাপতি মো. জুয়েল রানা বলেন, 'আমাদের বিশ্ববিদ্যালয় পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই, তাই আমরা আজকে এ উদ্যোগ নিয়েছি। বাংলাদেশ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ইতিবাচক ও গঠনমূলক কাজ করতে সদা প্রস্তুত আছে। বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার অপরাধ প্রবণতা ও মাদকদ্রব্যকে চিরবিদায় করতে আমরা অগ্রণী ভূমিকা পালন করবো।'
এ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবুল হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মঞ্জুরুল হক, প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমেদ, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মিনহাজুল আবেদীন, অনিক কুমার দেবনাথ, নাহিদ হোসেন, মাসুদ ইউনুস সিফাত, শাওন, জহিরুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ, আফ্ফান হোসেন আপন প্রমুখ।
ইত্তেফাক/জামান