গাইবান্ধায় নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

নিখোঁজের তিনদিন পর গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ির চৌরাস্তা বাজার সংলগ্ন একটি পুকুর থেকে দুদু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত দুদু মিয়া উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার গ্রামের মৃত আব্বাস উদ্দীনের ছেলে।
 
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন থেকে দুদু মিয়া মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। গত ১৫ অক্টোবর রবিবার তিনি হঠাত্ করে নিখোঁজ হন। এরপর পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় খোঁজখবর ও মাইকিং করেও কোথাও তার খোঁজ পাননি।
 
গাইবান্ধা সদর থানার ওসি খাঁন মো. শাহারিয়ার জানান, বুধবার সকালে ওই পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে দুদু মিয়ার পরিবারের লোকজন সেখানে গিয়ে দুদু মিয়াকে শনাক্ত করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠান।
 
ইত্তেফাক/এএম।