কাতালোনিয়ার স্বাধীনতাকামী দুই নেতাকে গার্দিওলার উপহার

স্পেন থেকে কাতালোনিয়ার স্বাধীনতার জন্য লড়াইয়ে থাকার অপরাধে গ্রেফতার হওয়া দুই নেতার জন্য একটা উপহারের ঘোষণা দিলেন পেপ গার্দিওলা। মঙ্গলবার রাতে তার দল ম্যানচেস্টার সিটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে নাপোলির বিপক্ষে যে জয় পেয়েছে, তা ওই দুই নেতাকে উৎসর্গ করেন এই স্প্যানিশ কোচ।
 
স্বাধীনতাকামী দুই নেতা হলেন জর্ডি কুইক্সার্ট ও জর্ডি সানচেস। তাদের দুজনকে কারাগারে পাঠানোর রায় দিয়েছেন মাদ্রিদ ভিত্তিক একটি আদালত। নাপোলিকে ২-১ ব্যবধানে হারানোর পর গার্দিওলা তাদের ব্যাপারে বলেন, ‘এই জয় তাদেরকে উৎসর্গ করছি। আমরা কাতালুনিয়ায় দেখিয়েছি স্বতন্ত্র পরিচয় যেকোনও কিছুর চেয়ে বড়। আশা করছি তাদেরকে শিগগিরই ছেড়ে দেওয়া হবে।’
 
এদিকে স্বাধীনতাকামী দুই নেতাকে কারাগারে পাঠানোয় ১০ হাজার লোক বার্সেলোনায় জড়ো হয়ে প্রতিবাদ করেন। ওই দুই জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ থাকলেও সেই তদন্ত এখনও শেষ হয়নি।
 
ইত্তেফাক/কেআই